ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামতের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাতলুব আহমাদ বলেন, ২০১২ সালে করা ভ্যাট আইন বাস্তবায়নের আগে সরকার জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করেছিল। সেই যৌথ কমিটির সভায় সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেসব সিদ্ধান্তকে আইনে যুক্ত করা হয়নি। এ অবস্থায় আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের আগে যৌথ সিদ্ধান্তগুলো কার্যকরের দাবি জানান ব্যবসায়ীদের নেতা মাতলুব আহমাদ।
আইবিএফবির বার্ষিক সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত অনুপস্থিত ছিলেন। আইবিএফবির বার্ষিক এ সভায় সংগঠনটির সদস্যভুক্ত দেশি-বিদেশি পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো বিএসআরএম স্টিল, আব্দুল মোনেম লিমিটেড, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও শেভরন বাংলাদেশ। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের সমন্বয়ে সরকার যে কমিটি করেছিল, সেই কমিটির সিদ্ধান্তও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি ।
