তুরস্কে লরি বিস্ফোরণে ৪ কুর্দি বিদ্রোহী নিহত

আপডেট : ১৩ মে ২০১৬, ১৯:৪৬
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি লরিতে বিস্ফোরক বোঝাই করতে গিয়ে বিস্ফোরণে সন্দেহভাজন চার কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। দিয়ারবাকির জেলার সারিকামিসে এই বিস্ফোরণে আরও অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সারিকামিসে একটি চুরি করা লরিতে বিস্ফোরক বোঝাই করার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিস্ফোরণে আহতরা সবাই সাধারণ নাগরিক।'
 
এর আগে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে আট ব্যক্তি আহত হন। সূত্র: বিবিসি