দুর্বৃত্তরা কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আনসার ব্যারাকে হামলা চালিয়ে একজন আনসার কমান্ডারকে হত্যা এবং ১১টি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নিয়ে গেছে।
আনসারের চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস জানান, এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল অস্ত্র লুট। তিনি বলেন, 'নিহত আনসার কমান্ডার হচ্ছে আলী হোসেন।'
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ৫৫ বছর বয়সী কমান্ডারকে গুলি করে এবং তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ক্যাম্পের একজন সদস্য জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ১৫ জনের বেশী দুর্বৃত্তের একটি দল ক্যাম্পে হামলা চালায়।
আনসার ক্যাম্পের সদস্য অজিত বড়ুয়া জানান, 'তারা প্রথমেই আমাকে বেধে ফেলে। আনসার সদস্যরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করায় দুর্বৃত্তরা ক্যাম্পে প্রবেশ করে কমান্ডার আলী হোসেনকে গুলি করে হত্যা করে।'
হামলায় নিহত আনসার প্লাটুন কমান্ডার আলী হোসেন (৫৫) টাঙ্গাইল জেলার শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। নির্মলেন্দু বিশ্বাস জানান, ক্যাম্প থেকে লুট করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি এসএমজি, ৪টি এমটু রাইফেল এবং ৫টি চায়না রাইফেল।'
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ, আনসার, র্যাব, সেনা ও বিজিবি সদস্য নিয়ে ক্যাম্পের আশে পাশে এলাকাসহ পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। বিকেল পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে।
