খুলনায় মশার যন্ত্রণা থেকে বাঁচতে মানববন্ধন

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৩

খুলনা অফিস

খুলনায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ঘরে-বাইরে, দিনে-রাতে মশা আর মশা। কোথাও এক মিনিটও নিরাপদে বসতে পারছে না মানুষ। আক্ষেপ করে এই কথাগুলো বলছিলেন নগরীর মিস্ত্রিপাড়ার বাসিন্দা মাসুদুল আলম।

তিনি বলেন, মশার উত্পাত এতটাই বেড়েছে যে, দরজা-জানালা খুলে রাখার কোনো উপায় নেই। মশক নিধনে সিটি করপোরেশনের তত্পরতায় খুশি নন তিনি। তার অভিযোগ, মশা যেভাবে বাড়ছে, সেই অনুপাতে সিটি করপোরেশনের কোনো তত্পরতা নেই।

এদিকে, মশার হাত থেকে বাঁচতে সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। বক্তৃতা করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আফম মহসীন, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মহানগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টি নেতা দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ।

এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান বলেন, এখন ঋতু পরিবর্তন হচ্ছে বলে একটু মশা বেড়েছে। তবে আমরা মশা নিধনের জন্য লারবিসাইড, এডালটিসাইড আর লাইট ডিজেল অয়েল বা কালো তেল স্প্রে করার প্রস্তুতি নিয়েছি। ত্রিমুখীভাবে মশা নিধনের জন্য এগুলো দেওয়া হবে। এছাড়া মশা নিধনে আগামী সপ্তাহ থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। তখন মশার দাপট অনেকটাই কমবে।