তিন বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় কোণঠাসা আওয়ামী লীগ প্রার্থী

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৪

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এক প্রার্থীর পাশাপাশি দলীয় তিন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা সবাই মনোনয়নপত্র দাখিলের পর পরই প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তাঁদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন: উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম সাফি (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান (চিংড়ি) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া (মোটর সাইকেল)।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে গত ২৬ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর (ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা নেতৃবৃন্দের  উপস্থিতিতে গোপন ভোটে চেয়ারম্যান পদে প্রার্থী বাচাই প্রক্রিয়ায় ছয়জন প্রার্থীর মধ্যে রফিক উদ্দিন ঠাকুর প্রথম (৩৭ ভোট), শফিকুল ইসলাম দ্বিতীয় (২২ ভোট), মোখলেছুর রহমান তৃতীয় (২১ ভোট) এবং শের আলম মিয়া ষষ্ঠ (৪ ভোট) হন। পরে কেন্দ্রে তিনজনের নাম পাঠানো হয়। তাঁদের মধ্যে থেকে শফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।