চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আম ব্যবসায়ী শিহাব উদ্দিন সজল (১৮) নিহত হয়েছেন। এসময় বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন তার অপর ৩ সঙ্গী। নিহত শিহাব গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল ইসলামের ছেলে শিহাব নতুনপাড়া সীমান্তের তারকাটার এপাশে অবস্থিত ভারতীয় এক নাগরিকের বাগানের আম কেনেন। সকালে ঐ বাগানের আম পাড়ার জন্য নিহত শিহাব একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (১৮), মোমিনুল ইসলামের ছেলে বিপ্লব (১৯) ও জামাত আলীর ছেলে আলমকে (১৯) আটক করে। আম পাড়ার সময় ভারতের ১১৩ বিএসএফের বানপুর ধনিঞ্চার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে ৪ আম ব্যবসায়ী বিএসএফের কবল থেকে পালানোর চেষ্টা করে। এসময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে শিহাব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আহত শিহাবকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন লিয়া তাকে মৃত বলে ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
