বিজয়নগরে সংঘর্ষে আহত তিনজনের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৫

এলাকা পুরুষ শূন্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিনজন মারা গেছেন। সংঘর্ষে দুই পক্ষের ২৫ জন আহত হন। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের পর এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

নিহতরা হলেন- কালা মিয়া (৬০), মনসুর (২২) ও গর্ভবতী গৃহবধূ নাসিমা (৩০)। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল কবির।

এলাকাবাসী জানায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে উপজেলার মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সাথে একই গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। বেশ কয়েক দিন আগে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন সেটি ভেঙে ফেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে গত ১২ মার্চ মোশল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চামুর গোষ্ঠীর লোকজনদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিজয়নগর থানার ওসি ফয়জুল আজীম জানান, আগেই উভয় পক্ষের মামলা রয়েছে। বর্তমানে এলাকা পুরুষশূন্য রয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।