পল্টনে স্বেচ্ছাসেবক দলের ৭ জনকে গ্রেফতার

আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:৩৮
 
রাজধানীর পল্টন থেকে স্বেচ্ছাসেবক দলের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন— মো. রাশেদ, জাহাঙ্গীর, সাদমান, সৈকত করিম, মুস্তাফিজ, নাসিম ও আনিকুর রহমান।
 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সাতজনকে গ্রেফতার করে পল্টন থানা-পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের দিকে গেলে পুলিশ সদস্যরা সাতজনকে ধরে পল্টন থানায় নিয়ে যায়।
 

পল্টন থানার ওসি মোর্শেদ আলম বলেন, মিছিলটি কেন বের করা হয়েছিল তা জানা যায়নি। তবে কিছুদিন আগে বিএনপির সঙ্গে আসল বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই মামলায় সাতজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।