ফরিদপুরে দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ১৫ মে ২০১৬, ০৮:৩৭
 
আজ রবিবার ও কাল সোমবার দক্ষিণাঞ্চলের ১১ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি। শনিবার সন্ধ্যায় ফরিদপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির।
 
লিখিত বক্তব্যে জানানো হয়, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরসহ তাদের সহযোগীর হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলা শুনানি ছাড়াই হাইকোর্টে স্থানান্তরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
 
মামলাটি পুনরায় মানিকগঞ্জ আদালতে ফেরত এনে বিচার কাজ পরিচালনাসহ সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে মামলা নিষ্পতি করার জন্য শ্রমিক নেতারা দাবি জানান।
 
ধর্মঘটের আওতায় থাকবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর।