বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

আপডেট : ১৫ মে ২০১৬, ১৪:৪৩
 
বাংলাদেশের অংশে অবস্থিত ভারতীয় বাগান মালিকের আম কেনার পর পাড়তে গেলে শিহাব উদ্দিন সজলকে বিএসএফ হত্যা করেছে দাবি করে এর বিচার চেয়েছে বিজিবি। রবিবার উপজেলার নতুনপাড়া সীমান্তের আমবাগানে সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের কাছে এ দাবি জানানো হয়। 
 
দাবির বিষয়টি বিএসএফের উচ্চ পর্যায়ে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএফের সেক্টর কমান্ডার বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডারকে আশ্বস্ত করেছে বলে জানা গেছে।
 
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার নতুনপাড়া সীমান্তের ৬৬ মেইন পিলারের কাছে আমবাগানে সকাল ৭ টার সময় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৯টা ২০মিনিট পর্যন্ত চলে এ পতাকা বৈঠক। পতাকা বৈঠকে গত শনিবার শিহাবকে বিএসএফ কর্তৃক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিজিবি। 
 
এসময় নিহত শিহাবের বাবাসহ নির্যাতিত অপর ৩ তরুণের জবানবন্দি নেয়া হয়। নিহত শিহাবের বাবা মাহবুব হালসানা এ সময় বিএসএফ কর্তৃক তার ছেলে হত্যার প্রকৃত তথ্য তুলে ধরেন।
 
পতাকা বৈঠকে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহাবুবুর রহমান-পিএসসি বিজিবির পক্ষে ও ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজ কিলাস লাল সাহা বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন।