মেয়েকে সাথে নিয়ে জন্মদিন উদযাপন জাকারবার্গের

আপডেট : ১৫ মে ২০১৬, ১৫:১৩
এবারের জন্মদিনে বিশেষ এক অতিথিকে পাশে পেয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এই বিশেষ অতিথি আর কেউ নয়, ম্যাক্স। জন্মদিন উদযাপনে বাড়তি বিশেষত্ব যোগ করতে কন্যাকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির সদর দফতরে হাজির হয়েছিলেন জাকারবার্গ।
 
গত বছর নভেম্বর মাসে বাবা হওয়া জাকারবার্গ গতকাল ৩২ বছরে পা রাখেন। এ উপলক্ষে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান অফিসে ক্ষুদে পরিদর্শক ম্যাক্সকে নিয়ে উপস্থিত হন জাকারবার্গ। নিজের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেছেন ফেসবুক কর্তা।
 
ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেছেন, 'আমার জন্মদিন উদযাপনে সাহায্য করতে ফেসবুক হেড-কোয়ার্টারে এসে সবাইকে বিস্মিত করে দিয়েছে ম্যাক্স।'
 
এই কথাগুলোর সাথে ম্যাক্সের মায়াময় একটি ছবিও পোস্ট করেছেন জাকারবার্গ। ছবিতে দেখা যাচ্ছে, ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গের কোলে বসে আছে ম্যাক্স, আর তার পাশেই বসে আছেন জাকারবার্গের স্ত্রী প্রিশ্চিলা চ্যান। ম্যাক্সের ঠিক বিপরীতে জন্মদিনের কেক সামনে নিয়ে বসে আছে জাকারবার্গ, আর কেকের দিকে তাকিয়ে আছে ম্যাক্স। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।