বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

‘বাণিজ্য সহজ করতে যা প্রয়োজন তাই করা হবে’

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশের তৈরি পণ্য ভারতে রপ্তানি হোক। তবে দু’দেশের বাণিজ্য ক্ষেত্রে কিছু সমস্যা আছে। বাণিজ্য সহজ করতে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাথে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত একটি বড় বাজার। ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক ভারতের বাজারে বিক্রি করলে বাংলাদেশ লাভবান হবে।

বাংলাদেশে ভারতের অনেক বিনিয়োগ আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে মিরেরসরাই এবং মংলায় দুটি বড় আকারের ইকোনমিক জোনে ভারত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে উভয় দেশের বাণিজ্যে দৃশ্যমান অনেক পরিবর্তন আসবে।

টিপু মুনিশ বলেন, বর্ডার হাট দুই দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বর্তমানে ৪টি বর্ডার হাট চালু আছে, আরো ৬টি বর্ডার হাট স্থাপনের প্রক্রিয়া চলছে।

ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগগুলোকে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, ভারত চায় বাংলাদেশ এগিয়ে যাক। এজন্য ভারত বাংলাদেশকে সবধরনের সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশের পণ্য ভারতের বাজারে বিক্রয় হচ্ছে। অনেক পণ্যের বেশ চাহিদা রয়েছে ভারতে। উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে যে সকল সমস্যা বা জটিলতা রয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা হবে। তিনি বলেন, বর্ডারহাটের সংখ্যা বৃদ্ধি করতে কাজ চলছে। বর্ডার হাটে ক্রেতা-বিক্রেতাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা হবে। ব্যবসা সহজ করতে যা প্রয়োজন তাই করা হবে।