ইত্তেফাক রিপোর্ট
জাতিসংঘের সাবেক কর্মকর্তা মরহুম ড. মুঈদ চৌধুরীর স্ত্রী এবং বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর ছোট বোন ফাতেমা চৌধুরী হূদরোগে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুমা ফাতেমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয় থেকে বয়স্ক শিক্ষা বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকার পুরানা পল্টন কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এবং উত্তরার মহিলা মেডিক্যাল কলেজে ইংরেজির শিক্ষক ছিলেন। তার স্বামী কুমিল্লা বার্ডের পরিচালক ও পরে জাতিসংঘের ইউনেস্কো প্যারিস হেড কোয়ার্টারে পরিচালক ছিলেন। ১৯৫৪’র যুক্তফ্রন্ট থেকে কেবিনেট মন্ত্রী অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী মরহুমার পিতা।
