গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। আদালতে প্রতিবেদন দিয়ে কারা কর্তৃপক্ষ বলেছে, খালেদা জিয়া অসুস্থ। এ কারণে তাকে আদালতে উপস্থিত করা যায়নি। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন আগামী ১৭ এপ্রিল এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করেন। গতকাল এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য ছিলো।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আসামি পক্ষ চাইলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের উপর শুনানি হতে পারে। জবাবে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তার অনুপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানির কোনো সুযোগ নেই। এছাড়া এই মামলার জব্দকৃত নথিপত্র আমরা এখনো হাতে পাইনি। ওইসব নথিপত্র ছাড়া শুনানি করা সম্ভব নয়। তিনি বলেন, আদালত তাগাদা দিয়েছিলো এইসব নথিপত্র আসামি পক্ষকে সরবরাহ করতে। কিন্তু রাষ্ট্রপক্ষ তা আমাদেরকে এখন পর্যন্ত সরবরাহ করেনি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে দেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারদলীয় জোট সরকারের একাধিক মন্ত্রী-উপমন্ত্রীসহ ২৪ জনকে আসামি করে পরের বছর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি করেছেন। প্রসঙ্গত এই মামলার আসামিদের মধ্যে ইতোমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।
