ভূমধ্যসাগরে পাওয়া গেল মিসরের বিধ্বস্ত বিমান

আপডেট : ২০ মে ২০১৬, ১৭:২৪
মিসরের নৌবাহিনী ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বন্দর নগরী আলেকজান্দ্রিয়া থেকে ২৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বিমানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের মালপত্র পাওয়া গেছে। মিসরের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সামরিক বাহিনীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
 
গত বৃহস্পতিবার ৬৬ জন যাত্রীসহ বিমানটি রাডারের পর্দা থেকে উধাও হয়ে যায়। প্যারিস থেকে কায়রো যাচ্ছিল বিমানটি। যাত্রীদের সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
মিসরের বিমানটি ধসে পড়ার আগে আকাশে দুইবার চক্কর খেয়েছিল বলে জানিয়েছেন গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস। তিনি বলেন, এয়ারবাস এ৩২০ রাডার থেকে অদৃশ্য হয়ে যাবার আগে ৯০ ডিগ্রি বামে, আর ৩৬০ ডিগ্রি বামে ঘুরে দুইবার চক্কর বা ডিগবাজি খায়। এরপরে বিমানটি বিশ হাজার ফুট ওপর থেকে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।
 
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। যাত্রীদের মধ্যে ৩০ জন মিসরের, ১৫ জন ফ্রান্সের ও দুজন ইরাকি ছাড়াও ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, চাদ ও পর্তুগালের নাগরিক রয়েছেন।