সানফ্রানসিসকোর পুলিশ প্রধান পদত্যাগ করেছেন। এক পুলিশ কর্মকর্তা গুলিতে কৃষ্ণাঙ্গ নারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর নগরের মেয়রের অনুরোধে তিনি পদত্যাগ করেন।
মেয়র এড লি একটি সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান গ্রেগ শুরের পদত্যাগের কথা ঘোষণা করেন। টনি চ্যাপলিন নামে এক ব্যক্তিকে ভারপ্রাপ্ত পুলিশ প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। তার পদত্যাগে শহরে শান্তি আসবে বলে মেয়র আশা প্রকাশ করেন। সেখানে ব্যাপক বর্ণবাদী উত্তেজনা বিরাজ করছিল।
এর কয়েক ঘণ্টা আগে মেয়র সাংবাদিকদের বলেছিলেন, পুলিশের গুলিতে ২৭ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হয়েছেন। তিনি একটি চোরাই গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িটিকে থামানোর নির্দেশ দেয়া হলে তিনি তা অমান্য করায় পুলিশ গুলি চালায়।
এই ঘটনাটিকে কেন্দ্র করে সানফ্রানসিসকোর পুলিশ দপ্তর ও আফ্রিকান আমেরিকানদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সূত্র: বিবিসি
