ভারতের হিমাচল প্রদেশের পার্বত্য জেলা চাম্বায় যাত্রীবোঝাই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তিনজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাসটি হিমাচল প্রদেশের ডালহৌসি জেলার চাওরাদামে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়লে ঘটনাস্থলে সাতজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো সাতজন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত হওয়া একজন জানায়, দুর্ঘটনায় নিহত হওয়া বাসটির চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। ৪৮ সিটের বাসটিতে ৫০ জন যাত্রী নিয়ে ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরাসরি রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ে। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
