রাস্তায় ময়লা ফেলার ঘটনা জানতেন না মেয়র আতিক

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০০:৫৭

ময়লা পরিষ্কার করার আগে ময়লা ফেলার ঘটনাটি মেয়র কিংবা ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অবগত ছিলেন না বলে জানানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে। গতকাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ময়লা পরিষ্কার করার আগে ময়লা ফেলার ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক। এটি সম্পর্কে মেয়র কিংবা ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অবগত ছিলেন না। কীভাবে এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটলো এবং কারা এর সাথে জড়িত তদন্তপূর্বক তা বের করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়র আতিকুল ইসলাম নির্দেশ প্রদান করেন। একটি সুস্থ, সচল, গতিময় ও আধুনিক ঢাকা বিনির্মাণে ডিএনসিসির প্রতিটি রাস্তা, গলি, দেয়াল, ড্রেন পরিচ্ছন্ন করা হবে বলে মেয়র আতিকুল ইসলাম তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ‘সবাই মিলে সবার ঢাকা’ বিনির্মাণে মেয়র আতিকুল ইসলাম সকল সংবাদকর্মীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এদিকে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার নির্দেশ প্রদান করায় মেয়র মোঃ আতিকুল ইসলামের অনুমোদনক্রমে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহমানকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার সাথে জড়িত থাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত ওয়ার্ক সুপারভাইজার মোঃ সালাহ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।