হংকংয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস হলের ছাদ ধসে আহত ৩

আপডেট : ২১ মে ২০১৬, ১৪:২৫
 
হংকংয়ের সিটি বিশ্ববিদ্যালয়ের একটি স্পোর্টস হলের ছাদ ধসে তিনজন আহত হয়েছেন। বিবিসি বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের সময় ৯০০ বর্গফুটের ওই ছাদটি ধসে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় বিস্ফোরণের মতো শব্দ হয়। ওই হলটিতে ব্যাডমিন্টন খেলা হত বলে জানিয়েছেন তারা। উচ্চ নিরাপত্তা মানের জন্য পরিচিত হংকংয়ে এ ধরনের দুর্ঘটনা বিরল। হলের ছাদটি ঘাসের আচ্ছাদনে ছাওয়া ছিল।
 
বিশ্ববিদ্যালয়টির ছাত্র ভেঙ্কট সারায়েনজি জানিয়েছেন, 'প্রচণ্ড শব্দে' ছাদটি ধসে পড়ে, কেউ একজন সেখান থেকে দৌড়ে বের হয়ে 'বিস্ফোরণ', 'বিস্ফোরণ' বলে চিৎকার করছিল। তিনি বলেন, 'পরীক্ষার সময় পার হয়ে গেছে, তা না হলে হলটি শিক্ষার্থীতে পরিপূর্ণ থাকত।'
 
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আহত দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'ওই মুহূর্তটি সম্পর্কে আমরা যতদূর জানি, অন্য কেউ ছাদের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েনি। এখন স্থাপনাটি নিরাপদ করার দিকেই মনোযোগ দিয়েছি আমরা।' ছাদ ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। বিডি নিউজ।