ভাঙ্গায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২১ মে ২০১৬, ১৪:৩১
 
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোসলেম তালুকদার(৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, রাতে মেম্বার প্রার্থী আক্কাস ব্যাপারির লোকজনের কাছে অপর মেম্বার প্রার্থী মহিউদ্দিন খানের লোকজন ভোট চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মোসলেম আহত হন। স্থানীয়রা তাকে ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।