মাগুরায় চালক হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ২১ মে ২০১৬, ২২:১৩
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে শনিবার রাতে আল-আমিন (২২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
দুর্বৃত্তরা হত্যার পর তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে বলে পুলিশের ধারণা। আল আমিন সদরের কালুপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
 
সদর থানার ওসি আজমল হুদা জানান, মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বাসাভাড়া থেকে আল আমিন ইজিবাইক চালাত। শুক্রবার বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরে শনিবার সন্ধ্যায় সদরের আলোকদিয়া গ্রামে নবগঙ্গা নদীর চরের শ্মশান ঘাটে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ রাত পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে। লাশের গলায় কাঁচা পাটের রশি প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে বলে পুলিশ ধারণা করছে।