বগুড়ায় পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৬, ১২:৪৮
 
বগুড়া শহরের  সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে ফজলার রহমান সরকার (২৫) নামের এক পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা কাটা ছাড়াও দুটি চোখ উপড়ে ফেলাসহ জিহ্বা কেটে ফেলা হয়েছে। রবিবার সকাল আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
নিহত ফজলার রহমান শহরের সুলতানগঞ্জপাড়ার লোকমান আলী সরকারের ছেলে।
 
ফজলারের পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলার শনিবার রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আজ সকালে এলাকার লোকজন বাড়ি থেকে আনুমানিক কয়েকশো গজ দূরে বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, ফজলারকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং জিহ্বা কাটা রয়েছে। পরকীয়া কিংবা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে।