পরকীয়ার জের ধরে মনিরুল হত্যা, গ্রেফতার ৫

আপডেট : ২৪ মে ২০১৬, ১৩:৪৭
রাজধানীর খিলগাঁয়ে সায়েম গ্রুপের এজিএম মনিরুল ইসলাম হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- মোরসালিন, শাকিল, আকাশ, আশিক ও জুয়েল। 
 
সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে নিহতের একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 
আজ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, পরকীয়ার জের ধরে গত ১৭ মে সবুজবাগের নন্দীপাড়া এলাকার একটি বাড়িতে মনিরুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার পর ঘাতকরা খিলগাঁয়ের মোস্ত মাঝির মোড়ে রাস্তার পাশে তার লাশ ফেলে দেয়। ঘাতকরা রাস্তার পাশে একটি জলাশয়ে নিহতের একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মোরসালিনের মায়ের সঙ্গে মনিরুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। এ বিষয়টি জানার পর মোরসালিন মনিরুলকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় মনিরুল ইসলাম ওই বাসায় আসলে তাকে তার বন্ধুদের সহযোগিতায় হত্যা করে।