কুমিল্লায় দুই শ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, চালক আটক

আপডেট : ২৪ মে ২০১৬, ১৪:৪১
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুই শ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক চালক আবুল হাসান ইসমাইলকে (২৬) আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের সংচাইল এলাকার প্রভাতী ফিসারিজের সামনে এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
 
হাইওয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার সংচাইল এলাকা সংলগ্ন ওই মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ছেড়ে আসা ওই ট্রাকে তল্লাশি চালানো হয় এবং এতে বস্তাভর্তি দুই শ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ট্রাকের চালক নোয়াখালী সেনবাগ উপজেলার আটিয়াবাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইলকে আটক করা হয়। তবে হেলপার পালিয়ে যায়। গাঁজাভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
 
হাইওয়ে মিরপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম কিবরিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।