মানিকগঞ্জে সওজের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:২৩

গত দুই দিনে ঢাকা-আরিচা মহাসড়কে দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

সড়ক ও জনপথের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এ পাটুরিয়া ঘাট পর্যন্ত ২০৮০টি অবৈধ স্থাপনা রয়েছে। আমরা উচ্ছেদের পূর্বে অবৈধ দখলদারদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলাম। তারা এতে কর্ণপাত না করায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।

সোমবার  পাটুরিয়া ঘাট, উথুলি, টেপড়া ও বরংগাইলে ৪৫০টি ও মঙ্গলবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়  ১২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত  সওজ কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন: সরকারি প্রকল্পগুলোতে দেশীয় প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার নেওয়া হবে: পলক

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম, সদর উপজেলা এসিল্যান্ড জেতিপ্রু সহ র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/অনি