ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৬ মে ২০১৬, ২১:৩৯
উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
 
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সংগঠনের দুই সদস্য সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিআরইউ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় ডিআরইউতে এসে শেষ হয়। এরপর ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি জামালউদ্দীন, সংগঠনের সাবেক সভাপতি এম. শফিকুল করীম সাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মকর্তারা।