থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ সামুইয়ের উপকূলে একটি স্পিডবোট ডুবে তিন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৩৬ জন আরোহী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে যায়। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
ওই দিন বিকালে ২৮ বছর বয়সী এক ব্রিটিশ ও ২৯ বছর বয়সী এক জার্মান নারীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দ্বীপটির জেলা প্রধান পাইবুন ওমার্ক। স্পিডবোটটির আরোহীদের মধ্যে ৩২ জন পর্যটক ও চারজন ক্রু ছিলেন। শুক্রবার সকালে উদ্ধারকর্মীরা আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। তাকে হংকংয়ের নাগরিক শনাক্ত করে তার বয়স ত্রিশের কোঠায় বলে জানিয়েছে পুলিশ।
IMG0
এ ঘটনায় একজন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। নিখোঁজ ওই পর্যটককে খুঁজতে সাতটি বোটে ৫০ জন উদ্ধারকর্মী তল্লাশি চালাচ্ছেন।
দুর্ঘটনায় পাওয়া আঘাত নিয়ে চার পর্যটক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক ব্রিটিশ নারী ও এক অস্ট্রেলীয় পুরুষকে রাজধানী ব্যাংককের হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু’জন, এক রোমানীয় নারী ও এক জার্মান পুরুষকে সামুই হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি
