মানব পাচার রোধে ভূমধ্যসাগরে যুদ্ধাজাহাজ পাঠাবে যুক্তরাজ্য

আপডেট : ২৭ মে ২০১৬, ১৯:২৬
মানব পাচার রোধ ও লিবিয়ায় অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণে সহযোগিতা করতে  ভূমধ্যসাগরে রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। জাপানে জি৭ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই ঘোষণা দিয়েছেন।
 
ক্যামেরন বলেন, মানব পাচার এবং শরণার্থী সংকট মোকাবিলায় লিবিয়াকে সহযোগিতা করতে একটি ‘কার্যকরী নেতৃত্ব’ গ্রহণে যুক্তরাজ্য প্রস্তুত। তিনি বলেন, লিবিয়া ‘আমাদের সবার জন্য বিপদ’ এবং এলাকাটিতে যুক্তরাজ্য একটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে।
 
ক্যামেরন আরো জানান, কেন্দ্রীয় ভূমধ্যসাগরে মানব পাচার নিয়ন্ত্রণ করতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ করছে’। এ ছাড়া লিবীয় কোস্টগার্ডকে  প্রশিক্ষণ দেওয়ার কাজে সহযোগিতা করতে একটি প্রশিক্ষণ দল পাঠানোরও পরিকল্পনার কথা জানান তিনি।
 
এইচএমএস এন্টারপ্রাইজ নামে যুক্তরাজ্যের একটি পরিদর্শন জাহাজ এরই মধ্যে ওই এলাকাটিতে সক্রিয় আছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অস্ত্র বহনকারী নৌকাগুলো জব্দ করতে নতুন যুদ্ধজাহাজটির জন্য যুক্তরাজ্যের কর্মকর্তারা জাতিসংঘের অনুমোদন চাইবেন।
 
উল্লেখ্য, ওই এলাকাটিতে ‘অপারেশন সোফিয়া’ নামে একটি অভিযান পরিচালনাকারী ইইউর প্রতি গত সপ্তাহে আরো সহযোগিতার জন্য আহ্বান জানায় লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)। ওই আহ্বানে লিবিয়ার নৌবাহিনী এবং কোস্টগার্ডকে প্রশিক্ষণ দেওয়াসহ ভূমধ্যসাগরের মধ্য দিয়ে শরণার্থীদের পাচার বন্ধের অনুরোধ করেছিল জিএনএ। সূত্র: বিবিসি