জাল ভোট দেয়ায় সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড

আপডেট : ২৮ মে ২০১৬, ১৫:০৬
 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফানিয়া কেন্দ্রে জাল ভোট দেবার সময় সহকারী প্রিজাইডিং অফিসারকে ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল হাসান হাতে নাতে আটক করার পর তাকে এই দণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
এছাড়া কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের খাস সুরিবের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় ৩০ মিনিট ভোটকেন্দ্র স্থগিত থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 
 
এ ব্যাপারে কাজিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল হালিম জানান, সরকারী দলের দুই মেম্বার প্রার্থীদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার ফলে কিছু সময় পরেই আবারো ভোট গ্রহণ শুরু করা হয়েছে। 
 
এদিকে শাহজাদপুর উপজেলার খুকনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝাউপাড়া কেন্দ্রে এজেন্টকে বের করে দেয়াকে কেন্দ্র করে হামলা ও তিনটি ব্যালট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া শাহজাদপুরের গালা কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। ঐ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
 
খুকনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই ভালভাবে ভোটগ্রহণ চলছিলো। আকস্মিক একদল সন্ত্রাসী ভোটকেন্দ্রে এসে হামলা চালায়। এ সময় তারা তিনটি ব্যালট বাক্স ভাংচুর করে। পরে পুলিশ ফাকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ৩০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহন শুরু করা হয়।
 
অপরদিকে এই উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যন্ত গালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট ছিনতাই এর ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিল্লুর রহমান জানান, দুপুর সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী এই কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা কেন্দ্রের সকল বুথ থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।