কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী একেএম রকিব উদ্দিন মুকুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কুমিল্লা-ঢাকা সড়কের নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এলাকার কয়েকশ প্রতিবাদী নারী পুরুষ এ কর্মসূচি পালন করে। এসময় প্রায় দেড় ঘণ্টার অবরোধ চলাকালে সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে আসামিদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী জামাল হোসেন। এ সময় স্থানীয় আবুল কালাম, আবদুর রাজ্জাক, বাবুল আহমেদ, নুরুল হক, একেএম ইউসুফ, আবদুর রব উপস্থিত ছিলেন।
এসময় নিহত মুকুলের স্ত্রী নুরুন্নাহার আক্তার আঁখি ও গুলিতে আহত ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রিফাতের মা রওশনারা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন এবং তারাসহ এলাকার শত শত প্রতিবাদী লোকজন খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৩ মে ভোরে সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আরিফের নেতৃত্বে সেলিম মেম্বার, তার ছেলে রাসেল, করিম, সবুজ, আবুসহ একদল সন্ত্রাসী পর্বশত্রুতার জের ধরে প্রথমে ব্যবসায়ী সাইফুলের বাড়িতে ঢুকে তাকেসহ তার ভাতিজা রিফাত ও দোকান কর্মচারী রিপনকে গুলি চালিয়ে আহত করে। এসময় রাস্তায় পেয়ে সাইফুলের বন্ধু আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী একেএম রকিব উদ্দিন মুকুলকে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার স্ত্রী বাদী নুরুন্নাহার আক্তার আঁখি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলায় দায়েরের ১৭ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তারা আগামী ৭ দিনের মধ্যে মুকুল হত্যাকাণ্ডসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার না করা হলে কুমিল্লা-ঢাকা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
