প্রতারণা করে ব্যাংক থেকে অর্থ আত্মসাতে সহযোগিতা করায় চট্টগ্রামের ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
রবিবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ হোসেনুজ্জামান (৪৯) ব্যাংক এশিয়া লিমিটেডের সিডিএ অ্যাভিনিউ ও মোহাম্মদ মিজানুর রহমান (৪৩) ভাটিয়ারি শাখার প্রধান।
দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সুত্রধর জানান, ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়াসউদ্দিন কুসুম নামে এক ব্যবসায়ী তার দুটি প্রতিষ্ঠানের নামে এলসির মাধ্যমে ওই ব্যাংকের ভাটিয়ারি শাখা থেকে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা ৮০ পয়সা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন। কুসুমের দুটি প্রতিষ্ঠান হলো শাহ আমানত আয়রন ও আল মদিনা এন্টারপ্রাইজ। হোসেনুজ্জামান ওই সময়ে ভাটিয়ারি শাখার প্রধান ও মিজানুর রহমান ম্যানেজার অপারেশনসের দায়িত্বে ছিলেন।
দুদক কর্মকর্তা সাধন জানান, অবৈধভাবে ঋণ নিতে সহযোগিতা করায় গিয়াসউদ্দিন, হোসেনুজ্জামান ও মিজানুরসহ সাত জনকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এম এইচ রহমতুল্লাহ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
