স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার: রাঙ্গা

আপডেট : ২৯ মে ২০১৬, ২১:৫০
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা চিকিৎসা খাতে বিনিয়োগকারীদের এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, 'স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করলে বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের চলমান উন্নয়ন কর্মসূচিসমূহ এগিয়ে নিতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহায়ক ভূমিকা রাখা অপরিহার্য।'
 
তিনি রবিবার নোয়াখালীর মাজদীতে সেবাধর্মী সর্বশেষ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ৫০ শয্যার রয়্যাল হাসপাতাল ইউনিট-২ এর চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোবারক হোসেন আজাদ, ডাঃ এম এ নোমান ও হাসান মনজুর।
 
প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা হাসপাতালটির জনকল্যাণধর্মী কাজের প্রশংসা করেন এবং দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে নিবিড় চিকিৎসা সেবাদান করার পরামর্শ দেন।
 
তিনি জনগণের স্বাস্থ্য অটুট রাখতে নোয়াখালীর পর্যাপ্ত পরিমাণ আর্সেনিকযুক্ত পানির নলকূপ স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন ও সংস্কার উপযোগী গ্রামীণ সড়কগুলোর উন্নয়নের ঘোষণা দেন।
 
এর আগে প্রতিমন্ত্রী ফিতা কেটে রয়্যাল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। রবিবার সকালে প্রতিমন্ত্রী স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।