ডেমরায় প্রায় ৩ হাজার ফুট অবৈধ গ্যাস সরবরাহ লাইন উচ্ছেদ

আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:৫০
ঢাকার ডেমরা থানার আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সারাদিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড। 
 
 
অভিযানে আমুলিয়া এলাকার আতিক মার্কেট এর পাশে প্রায় ১৮০০ ফুট অবৈধ গাস লাইন এবং ব্যাপারী পাড়া এলাকায় ১৫০০ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। সোমবার সকাল দশটা হতে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় দুটি স্পটে প্রায় তিনশত ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়। 
 
অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে,। জেলা প্রশাসক,ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে।  ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।
 
IMG0
 
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রুহুল আমিন, ম্যানেজার খালেদ মাকসুদ ডেপুটি ম্যানেজার মুসতাক আহমেদ, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কাউসার আহমেদ, এস আই আইয়ুব আলী, এস আই মিজানুর রহমান র‍্যাব-১০ এর  ডিএডি শামীম রেজা। ঢাকা মেট্রো পলিটনের ২০ জন পুলিশ সদস্য ও র‍্যাব এর একটি দল অভিযানে দায়িত্ব পালন করে। অভিযান পরিচালনাকালে স্থানীয় ব্যাক্তিবর্গ, নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।