পুলওয়ামা হামলায় তালেবান জড়িত বলে গোয়েন্দা তথ্যে উঠেছে। কাশ্মিরে হামলা চালানোর আগে মাসুদ আজহারের সঙ্গে তাদের শাখা সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বৈঠক হয়েছিল। সেখানে ভারতে আত্মঘাতী হামলা চালানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল বলে দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর। খবর আনন্দবাজার পত্রিকার
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামায় হামলা চালায় জইশ-ই-মুহম্মদ। তারপর এক মাস কেটে গিয়েছে। তবে হামলার তদন্ত নিয়ে মঙ্গলবার ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে নয়া তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পুলওয়ামায় হামলার একমাস আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে তালেবানের শাখা সংগঠন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে জইশ নেতা মৌলানা মাসুদ আজহার। সেখানে ভারতে আত্মঘাতী হামলা চালানো নিয়ে কথা হয় দু’পক্ষের মধ্যে।
তালেবান ও জইশের বৈঠকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই মধ্যস্থতা করেছিল বলেও গোয়েন্দা সূত্রে খবর। তাদের দাবি, পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরেই প্রশিক্ষণ চলছিল হাক্কানি ও জইশ জঙ্গিদের। পুলওয়ামা হামলার পর বোমাবর্ষণ করে সেই শিবিরগুলো ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামা হামলায় এতদিন শুধুমাত্র জইশ-ই-মহম্মদের নামই উঠে আসছিল। হামলার পর ভিডিও প্রকাশ করে দায়ও স্বীকার করেছিল তারা। যদিও সেইসময়ই হামলাকারী আদিল আহমেদ দারের মুখে তালেবানের কথা শোনা গিয়েছিল।
