নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:৩৫
নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত শাহাবুল ইসলাম ভুলন (২৬) নামে এক যুবক মারা গেছেন।
 
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহাবুল ইসলাম ভুলন উপজেলার চামটা গ্রামের আলিম উদ্দিন  ছেলে।
 
জানা গেছে, রবিবার উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে বিজয়ী নৌকা প্রার্থী তোজাম্মেল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে ভুলনসহ ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ভুলন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিনটার দিকে মারা গেছেন। 
 
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।