প্রথমবারের মতো বেসিস সফটএক্সপোতে অংশ নিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ডিজিসফট নামের ব্যবসায়িক সফটওয়্যার নিয়ে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে রয়েছে ওয়ালটন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিসের আয়োজনে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মঙ্গলবার (১৯ মার্চ ২০১৯) থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) পর্যন্ত তিন দিনব্যাপী ওই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। মেলার ২ নম্বর হলের ৩ নং প্যাভিলিয়নে রয়েছে ওয়ালটনের সুদৃশ্য স্টল।
ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আইটি বিভাগের প্রধান মোহাম্মদ লিয়াকত আলী জানান, ডিজিসফট মূলত ক্ষুদ্র, মাঝারি এবং বৃহত্ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টোটাল সফটওয়্যার সল্যুশন। যা ডেভেলপ করেছে দেশের একঝাঁক তরুণ এবং মেধাবী সফটওয়্যার ডেভেলপার। এ সফটওয়্যারের মাধ্যমে চার ধরনের সেবা মিলবে। যেগুলো হলো সিআরএম, পজ, এইআরএমএস এবং ম্যানুফ্যাকচারিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সল্যুশন।
সিআরএম (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) এমন একটি সফটওয়্যার, যা ব্যবসা পরিচালনা এবং ক্রেতাদের সঙ্গে সম্পর্ক রক্ষা আরও সহজ করবে। এই সফটওয়্যার ব্যবহার করে সহজেই কল সেন্টার, কাস্টমার কেয়ার, পণ্যের সার্ভিস ও ডেলিভারি এবং হিসাবপত্রের কাজ সম্পন্ন করা যাবে।
পজ (পয়েন্ট অব সেলস) সফটওয়্যারের মাধ্যমে বিক্রেতা সহজেই ক্রেতার কাছে পণ্য বিক্রি করে মুদ্রিত মেমো দেওয়াসহ যাবতীয় বিক্রয়তথ্য, ভ্যাট ও অন্যান্য হিসাব রাখতে সক্ষম হবেন।
এইআরএমএস (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়ার ব্যবহার করে ছোট-বড় প্রতিষ্ঠানগুলো সহজেই মানবসম্পদ ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত তথ্য-উপাত্ত রাখতে পারবে, যা তাদের কাজের গতি বাড়াবে এবং মানবসম্পদের অপচয় রোধ করবে।
ম্যানুফ্যাকচারিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানগুলো পণ্যের উত্পাদন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে সহজেই যাবতীয় তথ্য ও হিসাব রাখতে পারবে।
এই সফটওয়্যার পরিচালনার জন্য সার্ভারসহ যাবতীয় হার্ডওয়্যার সল্যুশন সরবরাহ করবে ওয়ালটন। সফটএক্সপোতে যারা অর্ডার দেবেন, তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা।
