জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনুষ্ঠিত হবে দু-দিনব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উত্সব-২০১৯’। উত্সবের প্রথমদিন সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে রবীন্দনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এটি পরিবেশন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। সঙ্গীত পরিচালনা করবেন জবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অনিমা রায় এবং নৃত্য পরিচালনায় থাকবেন ওয়ার্দা রিহাব।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যনাট্য হিসেবে চিত্রাঙ্গদা লিখে শেষ করেন ১৮৯২ সালে। ১৯৩৬ সালে সেই কাব্যনাট্যকে রূপান্তরিত করেন নৃত্যনাট্যে। মহাভারতের কাহিনির ভিত্তিতে রচিত এই নৃত্যনাট্যের আখ্যানভাব একদিকে যেমন প্রথাগত তেমনি এর বাণী সম্পূর্ণ আধুনিক। প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে জবি চিত্রাঙ্গদা মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছে। এরজন্য দীর্ঘ ৪ মাস প্রস্তুতি নিয়েছে সঙ্গীত বিভাগ। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অনিমা রায় বলেন, ‘এটি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষি নাট্য প্রয়াস। এর জন্য ৪ মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত হতে হয়েছে।’
নাটকটি প্রসঙ্গে নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব বলেন, ‘মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে, তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তত্সত্ত্বেও যখন রাজকূলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের আখ্যান আরম্ভ।’
