ইতালির রোম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার সাবেক প্রেমিক রাস্তায় পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, এটি তার ২৫ বছরের ক্যারিয়ারে দেখা সবচেয়ে নৃশংস অপরাধ।
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন ২২ বছর বয়সী সারা ডি পিয়েত্রান্তোনিওর গাড়িতে রেখে তার সাবেক প্রেমিক ভিনসেনজো পাদুয়ানো আগুন লাগিয়ে দেয়। গাড়ি থেকে বের হয়ে গেলে সারাকে ধাওয়া করে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এরপর সারার মুখে অ্যালকোহল ঢেলে সিগারেট লাইটার দিয়ে আগুন দেয় ভিনসেনজো। হামলাকারী ভিনসেনজোকে আটক করা হয়েছে।
একটি সার্ভেলেন্স ক্যামেরায় তোলা ছবিতে দেখা গেছে আগুন লাগিয়ে দেয়ার পরে চিৎকার করে সাহায্য চাচ্ছিলেন সারা। পাশ দিয়ে তখন দুটি গাড়ি গেলেও কেউ তাকে সাহায্য করেনি। মামলার তদন্তকারী প্রসিকিউটর মন্টিলিউন বলেন, যদি পথচারীরা তাকে সহযোগিতা করতো তাহলে হয়তো তার জীবন বাঁচতো।
ঘটনার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা লুইগি সিলিপো বলেন, আমি এটা বলবো যে ২৫ বছরের ক্যারিয়ারে এমন নৃশংসতা দেখিনি। ইন্ডিপেন্ডেন্ট।
