২০২২ বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
৪৮ দলের অংশগ্রহণ কাতার বিশ্বকাপে ভালো কোনো পরিণাম বয়ে আনবে না বলেই মত দিলেন জাভি হার্নান্দেজ। এই স্প্যানিশ কিংবদন্তি ২০২২ সালে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের বৈশ্বিক দূত হিসেবে কাজ করছেন।
২০১৭ সালে এক সভায় ফুটবল বিশ্বকাপে প্রতিযোগী দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে ১৬টি বাড়তি দলের অংশগ্রহণের ব্যাপারে সবার সম্মতি মিলেছিলো। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২২ সালে কাতার বিশ্বকাপেই ৪৮ দলের অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার মিয়ামিতে ফিফা কাউন্সিলের এক সভায় কাতার আসরেই দল বাড়ানোর সিদ্ধান্তটি মুলতবি ঘোষণা করা হয়। ২০১০ বিশ্বকাপজয়ী এবং বর্তমানে কাতার স্টারস লিগে খেলা জাভির বিশ্বাস ৩২ দলের বিশ্বকাপই কাতারের ধারণ ক্ষমতার বেশি হয়ে যায়। তিনি বলেন, ‘এটা (দলের সংখ্যা) অনেক বেশি ও লম্বা। কাতারে ৪৮ দলের কথা ভেবে দেখুন, আমার মতে এটা মোটেও ভালো পরিণাম বয়ে আনবে না।’
তিনি আরো বলেন, ‘আয়োজকরা এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে কাতার ৩২ দলের জন্য নিজেদের প্রস্তুত করছে এবং যদি দলের সংখ্যা বাড়ে তবে তা পরিবর্তন করা দেশটির জন্য কঠিন হয়ে পড়বে। ৩২ দলের বিশ্বকাপ ফুটবলের জন্য ভালো। এখন পর্যন্ত এটাই যথেষ্ট।’
