দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর নগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ মানিক মিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার।
সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা। তার ক্ষুরধার লেখনী স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে। বাঙালি জাতি মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বক্তৃতা করেন কেসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজবর রহমান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মজিদ, খুলনা মহানগর জেপির আহ্বায়ক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, মো. আবু তালেব সরদার, রাজ্জাক ভুইয়া, ইঞ্জিনিয়ার মনির, মিঠু, আব্দুল হালিম, আব্দুর রশিদ, আলি কায়েশ, নাছির উদ্দীন, জুয়েল হোসেন, হারুণ অর রশিদ, ইলিয়াস মোল্লা, মো. ইকবাল হোসেন প্রমুখ।
