ঢাকার খিলগাঁওয়ের রাস্তা কত সুন্দর। ওখানে বেশ কিছু সময় ঘুরেও চোখে পড়েনি রাস্তা কিংবা ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠার দৃশ্য। কোথাও চোখে পড়েনি ময়লার স্তূপ। অথচ ঢাকার মিরপুর-পলবী-রূপনগর এলাকার অলিগলি, আবাসিকের আশপাশ, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে নিয়েছে হকাররা। শুধু কি তাই? রাস্তা-ফুটপাতে পলিথিন ব্যাগসহ আবর্জনার স্তূপ ফেলে ফেলে রাস্তার ক্ষতি করেই যাচ্ছে। ময়লা-আবর্জনার কারণে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি মশার উত্পাতও বেড়েছে। ঢাকার খিলগাঁও গিয়ে অভিভূত হলাম। ওখানে ময়লার স্তূপ চোখে পড়েনি। খিলগাঁওয়ের বাসিন্দারা পরিষ্কার-পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। মনে হয়েছে, মিরপুর-পলবী-রূপনগরে বসবাসকারীদের খিলগাঁওয়ের কাছে অনেক কিছু শেখার আছে। এ অবস্থায় আমরা চাই—ঢাকার প্রতিটি এলাকা খিলগাঁওয়ের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন ও হকারমুক্ত রূপে গড়ে তোলা হবে। যাঁরা যে এলাকায় বসবাস করেন, সেইসব এলাকায় সমিতি আছে—তাঁরাও রাস্তা দখল ও অপরিচ্ছন্নতার দায় এড়াতে পারেন না কিন্তু। ঢাকার সর্বত্র এলাকার প্রধান সড়ক ও অলিগলির অবস্থা খিলগাঁওয়ের মতো এই রকম সুন্দর ও পরিচ্ছন্ন দেখতে চাই।
লিয়াকত হোসেন খোকন, ঢাকা
