খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ নার্স পদের বিপরীতে নেই একজনও!

আপডেট : ০২ জুন ২০১৬, ১৬:০৭
নেত্রকোনার হাওরদ্বীপ খ্যাত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নার্সের (সেবিকা) পদ থাকলেও বাস্তবে একজনও কর্মরত নেই। একজন বেসরকারি নার্স আর দুই ওয়ার্ড বয় দিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা।
 
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্রাদারের পদসহ মোট ১০টি নার্সের পদ আছে। এসব পদের বিপরীতে সর্বশেষ তিনজন কর্মরত থাকলেও বর্তমানে একজনও নেই। পাঞ্চেলী ঢালী এবং মমতাজ বেগম নামে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত দুই নার্স বেশ কিছুদিন ধরে প্রেষণে (ডেপুটেশনে) অন্যত্র কাজ করছেন। এছাড়া কল্পনা আক্তার নামে আরেকজন গত ১৮ মে বদলি হয়ে ঢাকায় চলে যান। এ কারণে বর্তমানে একজন সরকারি নার্সও নেই ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। তবে সম্পা রানী তালুকদার নামে একজন বেসরকারি নার্স সেখানে দায়িত্ব পালন করছেন। একটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তাপুষ্ট ‘এমএনসিএইচ’ নামক একটি প্রকল্পের নার্স তিনি। তিনিও আবার অল্প কিছুদিনের মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে যাবার অপেক্ষায় আছেন। তার পাশাপাশি দুইজন ওয়ার্ড বয় সেখানে নার্সের দায়িত্ব পালন করছেন।
 
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুবীর চন্দ্র দাস বলেন, ‘নার্স না থাকায় স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।’
 
সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।’