শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় দুর্বৃত্তরা দু’বাড়িতে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চেতনানাশক স্প্রেতে অজ্ঞান দুটি পরিবারের সাতজনকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজেশ্বর গ্রামের এছাহাক তালুকদার ও আলাউদ্দিন খানের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করায় ঘরের সকলে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সোকেশ আলমারি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবেশীরা মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় গৃহকর্তা এছাহাক তালুকদার, পুত্র নয়ন তালুকদার, পুত্রবধূ হেপি বেগম এবং অপর গৃহকর্তা আলাউদ্দিন খান, তার স্ত্রী কহিনুর বেগম, আছমা, রাইসা আক্তারকে শরণখোলা হাসপাতালে ভর্তি করে। গৃহকর্তা এছাহাক তালুকদারের স্ত্রী জাহানারা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে তারা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। তার পরে কি হয়েছে তা তিনি বলতে পারেন না। সকালে হাসপাতালে তার জ্ঞান ফেরে। দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল খুলে ও ঘরে থাকা টাকা-পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, সকালে হাসপাতালে অজ্ঞান অবস্থায় সাতজন রোগী ভর্তি হয়। তাদের সকলের জ্ঞান ফিরেছে। তারা এখন আশঙ্কামুক্ত। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
