করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল পৌণে দশটার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক একদল সশস্ত্র লোক ওই কেন্দ্রে ঢুকে ত্রাস সৃষ্টি করে। পরে ব্যালট পেপার ছিনতাই করে জোরপূর্বক সিল মারতে থাকে। তারা এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান খানকে মারপিট করে গুরুতর জখম করার পর তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ঘটনায় কর্তব্যরত পুলিশ ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা কয়েকটি ব্যালট বাক্স ভাংচুর করে পালিয়ে যায়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বদরুল আলম ভোটকেন্দ্র স্থগিতের কথা স্বীকার করে জানান, হামলার পর তারা মালামালসহ উপজেলা সদরে চলে আসেন।
