টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ঘাটাইল সদর উপজেলার তিন নম্বর জামুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন কেন্দ্রে ভোট চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই খোকন, সমর্থক ফারুক, আনোয়ার ও সুজাত আলী।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এখলাখ হোসেন খান শামীম ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকটি হয়। এর জের ধরে পরে এখলাখ হোসেনের লোকজন শহিদুলের ভাই ও সমর্থকদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
আহতদের মধ্যে নয়জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদের মধ্যে খোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
