জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলি, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

আপডেট : ০৫ জুন ২০১৬, ০৯:৪৫
জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান একে আজাদসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।
 
শনিবার রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় তাদের ওপর এ হামলা হয়।
 
ভাদশা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান (স্বতন্ত্র) একে আজাদ ছাড়াও অপর আহত ব্যক্তি হলেন- ইউনিয়নের কোচকুঁড়ি গ্রামের মৃত অজিত কুমার বর্মনের ছেলে নয়ন কুমার বর্মন।
 
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, চেয়ারম্যান একে আজাদ ভাদশা বাজার থেকে মোটরসাইকেলযোগে কোচকুঁড়ি গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ও তার মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে মারাত্মক আহত করে।
 
আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় নেয়া হয়।