বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৫০) বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বাগেরহাট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মোনোয়ার হোসের জানান, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. হারুন তার স্ত্রী জাকিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পর লাশ বাড়ির পিছনে সুপারি বাগানে ডোবার ভিতর ইট দিয়ে চাপা দিয়ে রাখে। ১২ অক্টোবর ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। চলিকাঠি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক স্বামী হারুনকে আটক করে।
এ ঘটনায় নিহতের বোন রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের জাহাংগীর ফকিরের স্ত্রী সাঈদা বেগম (৪০) বাদী হয়ে তার ভগ্নিপতি মো. হারুনকে আসামি করে হত্যা মামলা করেন।
জিজ্ঞাসাবাদে হারুন তার স্ত্রীকে হত্যা কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেয়। বাগেরহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ২০১৩ সালের ১৯ মার্চ হারুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
