আগামী জুনের শুরুতে সরকার পরবর্তী অর্থবছরের (২০১৯-২০) বাজেট পেশ করতে যাচ্ছে। বাজেট পেশের আগে অতীতের ন্যায় এবারো ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করবে, যা প্রাক বাজেট আলোচনা নামে পরিচিত। বাজেটের ভ্যাট, ট্যাক্স ও শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আগামী ৩১ মার্চ থেকে এ আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ৩১ মার্চ সিরামিক উত্পাদন ও রপ্তানিকারকদের সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি শুরু হবে। একইদিন আলাদা সময়ে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ী বা বারভিডার সঙ্গেও আলোচনা হবে।
এছাড়া ১ এপ্রিল ফরেন ইনভেস্টরস চেম্বার (ফিকি), ২ এপ্রিল বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ঢাকা চেম্বার (ডিসিসিআই), ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করবে এনবিআর। ৩ এপ্রিল বন্ড সুবিধাপ্রাপ্ত সব ধরনের রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ), ৪ এপ্রিল চট্টগ্রামে বিভাগীয় প্রধান চেম্বার, ৭ এপ্রিল বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার অব কমার্স, ওইমেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই), ৮ এপ্রিল সিএন্ডএফ, ফ্রেইট ফরোয়ার্ডার্স, ট্যাক্স ল’ইয়ার্স, ইন্ডেন্টরস, আইসিএমএবি, আইসিএবি, ৯ এপ্রিল অর্থনীতিবিদ ও পেশাজীবী, ১০ এপ্রিল সব ধরনের সেবা খাতের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল বেজা, বিডা, বেপজা, বিল্ড ও এফবিসিসিআই ছাড়াও বৃহত্ করদাতা প্রতিষ্ঠান, ১৬ এপ্রিল নির্মাণ ও অন্যান্য শিল্প ও ব্যবসা খাত, ১৭ এপ্রিল ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স, ১৮ এপ্রিল পরিবহন, ২০ এপ্রিল সিলেটে বিভাগীয় প্রধান চেম্বার, ২২ এপ্রিল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ২৩ এপ্রিল কৃষি ও রাসায়নিক খাত, ২৫ এপ্রিল খুলনায় বিভাগীয় প্রধান চেম্বার ও সেখানকার বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক হবে।
এছাড়া এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সমন্বয়ে বড় আকারের বাজেট আলোচনা (যেটি পরামর্শক কমিটির সভা নামে পরিচিত) অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। ওই অনুষ্ঠানে অতীতের ন্যায় এবারো অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
