জুতা সেলাই করে লেখাপড়ার খরচ চালাচ্ছে প্রথম শ্রেণির ছাত্র

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:১৯
রংপুরের কাউনিয়ায় জুতা সেলাই করে লেখাপড়ার খরচ চালাচ্ছে প্রথম শ্রেণির ছাত্র পলাশ (৮) ।
 
সকাল থেকে দুপুর পর্যন্ত  স্কুলে পড়ালেখা করে সে। তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে জেঠার সঙ্গে জুতা সেলাই করে নিজের পড়ালেখা ও সংসারে  অর্থ যোগান দিয়ে যাচ্ছে পলাশ। সে কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যায়ন করছে।
 
পলাশ বলে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মানিক মিয়ার বড় ছেলে সে। মাত্র ৩ বছর বয়সেই তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার ২ বছর পর মা মারা যায়। তখন থেকে তার জ্যাঠা নকিচান তার দেখাশুনা করে। বর্তমানে মাত্র ৫ শতক জমিতে কোন রকম কুড়ে ঘর তুলে বসবাস করেছে নকিচান। নিজেদের জমি জমা না থাকায় সারা বছর মুচির কাজ করেই সংসার চলে। জ্যাঠা সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। তাই সংসারে বাড়তি আয় ও নিজের পড়াশুনার খরচ যোগানোর জন্য স্কুল থেকে এসে একটু খেয়ে দোকানে চলে আসি। জ্যাঠার সঙ্গে জুতা সেন্ডেল সেলাই ও কালি করার কাজ করি। কখনও জ্যাঠা অসুস্থ থাকলে একাই কাজ করতে হয়। জ্যাঠা অসুস্থ হলে সে দিন আর স্কুলে যাওয়া হয় না। বন্ধুদের কাছ থেকে পড়া জেনে নিয়ে রাতে পড়া পড়ি। দিনে তার ৫০ থেকে ৬০ টাকা আয় হয়।  এ ভাবে সে সংসারে রোজগার করে সহায়তা করে আসছে।