বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে জমে থাকে পানি। মাঝে মাঝে শ্রেণিকক্ষের মধ্যে পানি ওঠে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েন দুর্ভোগে। চালানো যায় না স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ দৃশ্য সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বর্ষাকালে সব সময় বিদ্যালয়ের মাঠে জমে থাকে বৃষ্টির পানি।
মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি নিষ্কাশনের পথে সম্প্রতি স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির পানি নামতে বাধার সৃষ্টি হচ্ছে। ফলে অল্প পরিমাণ পানি নিষ্কাশন হওয়ায় বর্ষাকালে সব সময় পানি জমে থাকে বিদ্যালয়ের মাঠে।
বিদ্যালয়ের মাঠে জমে থাকা বৃষ্টির পানি বর্ষাকাল জুড়েই থাকে। হাঁটু পানি ভেঙে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের যে ভবনে পাঠদান চলে সে ভবনের চারটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ। ওই চারটি কক্ষের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। ছাদের টিন ও স্লিংয়ের বিভিন্ন স্থানে ভেঙে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ নারায়ণ দাস জানান, বৃষ্টির পানি জমে থাকার সমস্যার সঙ্গে ভবন সংকট রয়েছে। বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান।
সুনামগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের বিষয়টি সমাধানের জন্য ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলে উদ্যোগ নেয়া হবে। ভবন সংকটের বিষয়ে তিনি বলেন, মঙ্গলকাটা সরকারি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দেয়া হয়েছে। আশা করি শ্রীঘ্রই নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করতে পারবো।
